• বুধবার, ২০ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :

মন্ত্রিসভার আকার বাড়ার গুঞ্জন; জায়গা পেতে পারেন মঈন খান ও আশরাফ বকুল!

Reporter Name
Update : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্ভাব্য আকার বৃদ্ধি। প্রায় তিন মাস আগে ৫০ সদস্যের মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করা বর্তমান সরকারে শিগগিরই নতুন মুখ যুক্ত হওয়া এবং বিভিন্ন মন্ত্রণালয়ে রদবদলের জোর গুঞ্জন চলছে।
দলীয় ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রবীণ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে সরকারকে আরও কার্যকর ও গতিশীল করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্ভাব্য সম্প্রসারিত মন্ত্রিসভায় স্থান পেতে পারেন—এমন আলোচনায় নরসিংদী জেলা থেকে বিএনপির দুই প্রভাবশালী নেতার নাম বিশেষভাবে উঠে এসেছে। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

অভিজ্ঞ নেতৃত্ব হিসেবে আলোচনায় ড. মঈন খান
বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. আব্দুল মঈন খান অতীতে তথ্য মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে তিনি পুনরায় নরসিংদী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম ও আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে অভিজ্ঞ, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিক হিসেবে ড. মঈন খানকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে দেখার আগ্রহ রয়েছে।
রায়পুরার প্রত্যাশার কেন্দ্রে ইঞ্জিনিয়ার আশরাফ বকুল
অন্যদিকে, নরসিংদী-৫ (রায়পুরা) আসনে দীর্ঘ ২৮ বছর পর আওয়ামী লীগের শক্ত ঘাঁটি ভেঙে বিপুল ভোটে জয় লাভ করেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে স্নাতক এই প্রকৌশলী মাঠপর্যায়ের রাজনীতিতে ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম উপদেষ্টাও।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রায়পুরা পৌরসভাকে টোলমুক্ত ঘোষণা এবং মেঘনা নদীর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের মতো উদ্যোগ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, সৎ, সাহসী ও প্রযুক্তিবান্ধব নেতৃত্বের প্রতীক হিসেবে ইঞ্জিনিয়ার আশরাফকে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

নরসিংদীবাসীর প্রত্যাশা বাড়ছে ১৯৯১ সালের পর এবারই প্রথম নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের সবগুলোতেই ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়ে নতুন রাজনৈতিক ইতিহাস সৃষ্টি করেছেন। জেলার এই রাজনৈতিক সাফল্যের মূল্যায়ন এবং দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করতে নরসিংদী থেকে শক্তিশালী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহার আগে কিংবা পরে মন্ত্রিসভার সম্প্রসারণ ও দফতর বণ্টনের চূড়ান্ত ঘোষণা আসতে পারে। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ পর্যন্ত কাদের ওপর আস্থা রেখে নতুন মন্ত্রিসভায় স্থান দেন। বিষয়টি ঘিরে নরসিংদীবাসীর মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসাহ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category