শিবপুর প্রতিনিধি
নরসিংদী শিবপুরে উৎসবমুখর পরিবেশে “শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বিদ্যালয়ের নবনির্মিত চারতলা নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করা এবং অভিভাবকদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মনজুর এলাহী।
বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার এর সভাপতিত্বে এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কুহিনুর মিয়া, শিবপুর উপজেলা প্রকৌশলী পিন্টু দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হালিমা পারভীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান খান এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি রফিকুল ইসলাম মৃধা।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভবনের ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও সুন্দর ও পরিবেশবান্ধব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিরা বিদ্যালয়ের নবনির্মিত নতুন চার তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চার তলা বিশিষ্ট ভবনের নির্মাণ হয়েছে ১ কোটি ৮৫ লাখ টাকা।
ভবন উদ্বোধন হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী নিরাপদে ও সুন্দর পরিবেশে পাঠদান করতে পারবে। যার ফলে শিক্ষার গুণগতমান বৃদ্ধি পাবে বলে মনে করছেন অভিভাবক অনুষ্ঠানে আগত সুধীজনরা
#