নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী ১২ নভেম্বর থেকে নির্বাচন শুরু হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ৭ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি নির্বাচনের ভোট ১২ নভেম্বর।

এরপর দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২০২৭ সালের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপে, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপে এবং ২৭ মে সপ্তম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে সোমবার দুপুরে নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
ইসি মাছউদ বলেন, দেশে স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হবে। যদি এই সময়ের মধ্যে আইন পরিবর্তন না হয়, তবে আমরা বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় নির্বাচন পরিচালনা করব।
তবে স্থানীয় নির্বাচনের তফসিল কবে, সে বিষয়ে কোনো মন্তব্য না করে ইসি মাছউদ বলেন, শিগগিরই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।