নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে নিজ বাড়িতে নামাজরত অবস্থা ৭০ বছর বয়সী বৃদ্ধা মোছা. জাহানারা বেগম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার অপরাধে তিনজনকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। বৃদ্ধা জাহানারা বেগমের গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় গ্রেফতারকৃত ব্যক্তিরা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এই লোমহর্ষক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মাধবদী থানা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান এই হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মাধবদীর মেহেরপাড়া ইউনিয়নের স্বর্ণনিগৈড় এলাকার হৃদয় মিয়া (২৭), কাদির মিয়া (২৭) ও আবু মিয়া (২৯)। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মাধবদী থানা পুলিশের যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান জানান, চলতি বছরে ৩০ জুলাই সন্ধ্যায় মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের স্বর্ণনিগৈড় গ্রামে নিজ বসতঘরের বারান্দায় নামাজরত অবস্থায় জাহানারা বেগম নামাজ পড়ছিলেন। সেই সময় লোডশেডিং চলছিল। এই সুযোগে আসামিরা ঘরে প্রবেশ করে বৃদ্ধার গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই সময় বিদ্যুৎ চলে আসলে বৃদ্ধা তাদেরকে চিনে ফেলেন এবং বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং চেইনটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় নিহত বৃদ্ধার ছেলে মোহাম্মদ ইসমাইল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, প্রায় সাত-আট মাস আগে একটি স্থানীয় মাদ্রাসায় বসে এই চুরির পরিকল্পনা করেছিল আসামিরা।
গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকা বাকিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গ্রেফতারকৃত তিনজনের মধ্যে দু’জনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে।