নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা (পাইসা) এলাকা থেকে আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত গিয়াস উদ্দিন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে পলাশ থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটক গিয়াস উদ্দিন মিয়া গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঘোনাপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন মিয়া সম্প্রতি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকার মঞ্জুর মোর্শেদ লিটনের নবনির্মিত একটি ভবনে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। অভিযোগ রয়েছে, তিনি নিজের স্ত্রী, শ্যালিকাসহ পরিবারের সদস্যদের গোপনে ধারণ করা নগ্ন ও আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করতেন।
পুলিশ অভিযান চালিয়ে তাঁর বাসা থেকে পর্নোগ্রাফি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করেছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।