নরসিংদী প্রতিনিধি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও আনন্দের বন্ধনকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. আবদুল মঈন খান বলেন, দেশের বাহ্যিক উন্নয়নের পাশাপাশি তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্ব দিতে হবে। এ জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সুশৃঙ্খল জাতি গড়ে তোলা
তিনি আরও বলেন, নৌকা বাইচ গ্রামবাংলার দীর্ঘদিনের ঐতিহ্য। ছোটবেলায় ঢাকার বুড়িগঙ্গায় নৌকাবাইচ দেখে যে নির্মল আনন্দ উপভোগ করতেন, সময়ের পরিবর্তন ও সামাজিক জটিলতার কারণে সেই আনন্দ অনেকটাই হারিয়ে গেছে। ঐতিহ্যবাহী এ আয়োজনের মাধ্যমে মানুষের মধ্যে হারিয়ে যাওয়া আনন্দ ও পারস্পরিক সম্প্রীতি আবারও ফিরে আসবে।

এলজিআরডি মন্ত্রী বলেন, রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা থেকে মুক্ত হয়ে দেশকে একটি সুন্দর, ঐতিহ্যময় ও স্বাভাবিক জীবনধারার দিকে এগিয়ে নিতে হবে। লেখাপড়া, রাজনীতি ও দেশের মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের পুনর্জাগরণে সবাইকে ভূমিকা রাখতে হবে।
নৌকা বাইচ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শিবপুর ও রায়পুরার নেতৃবৃন্দ এবং কর্মীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহির সভাপতিত্বে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন নৌকা বাইচের উদ্বোধন করেন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান নৌকা বাইচ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন- নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার ও শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন।
নরসিংদীর শিবপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন গ্রামবাংলার সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা জাগিয়েছে। হাজার হাজার দর্শক নদীর দুই পাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ উপভোগ করেন।