উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এএনসি ও পিএনসি কর্নারের উদ্বোধন
রায়পুরা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৫ ধরনের অণুপুষ্টিসমৃদ্ধ মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট (এমএমএস) ট্যাবলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে গর্ভবতী মায়েদের এএনসি (প্রসবপূর্ব) ও পিএনসি (প্রসব-পরবর্তী) সেবার জন্য নির্ধারিত কর্নারের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে এএনসি ও পিএনসি কর্নারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবীর।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুন নাঈম, মেডিকেল অফিসার ডা. মারুফুল হক সাম্মি, পরিসংখ্যানবিদ শফিকুল ইসলাম পাভেল, ইপিআই টেকনিশিয়ান সেলিনা আক্তার এবং ইউনিসেফের প্রতিনিধি ওয়াকিয়াসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্টরা জানান, গর্ভাবস্থায় মায়ের পুষ্টির চাহিদা পূরণ এবং গর্ভস্থ শিশুর সুস্থ বিকাশে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট (এমএমএস) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে প্রয়োজনীয় আয়রন ও ফলিক অ্যাসিডসহ মোট ১৫ ধরনের অণুপুষ্টি উপাদান রয়েছে। প্রচলিত আয়রন-ফলিক অ্যাসিড (আইএফএ) ট্যাবলেটের পরিবর্তে এমএমএস গ্রহণ করলে মা, গর্ভস্থ শিশু ও নবজাতকের পুষ্টিগত উপকার পাওয়ার সুযোগ বাড়ে।
নির্দেশনা অনুযায়ী, গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার পর থেকে চিকিৎসকের পরামর্শ অনুসারে প্রতিদিন রাতে খাবারের পর একটি করে এমএমএস ট্যাবলেট সেবন করতে হবে।