নরসিংদীর রায়পুরায় ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা প্রদানের জেরে গ্রামে ঢুকে গ্রামবাসীর ওপর অতর্কিত গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী সুবাহানপুর গ্রামে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ৪-৫টি স্পিডবোট নিয়ে হারুন গ্রুপের সদস্য পরিচয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় বলে স্থানীয়রা জানায়। এতে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ হয়ে আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন, সাকিব, জুয়েল, রফিক, সাইকুল ও রাসেল। এদের মধ্যে রফিকের চোখে ছিটা গুলি লেগে গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে সুবাহানপুর গ্রামের কাছে অবৈধভাবে ড্রেজার বসিয়ে রাতের আঁধারে মাটি কাটার চেষ্টা করা হয়। এ সময় গ্রামবাসী সংঘবদ্ধভাবে বাধা দিয়ে ড্রেজার বসানো বন্ধ করে দেন।
এরই জেরে বুধবার সন্ধ্যায় স্পিডবোট যোগে সশস্ত্র সন্ত্রাসীরা সুবাহানপুর গ্রামে এসে হামলা ও নিরীহ গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে গুলি বর্ষণের বিষয়টি আমি অবগত নই। বিষয়টি আমাদের বাঁশগাড়ী পুলিশ ফাঁড়ির আইসি বলতে পারবে।