নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বন্ধু ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা যুবদলের নেতা মরহুম মোকাররম ভূঁইয়ার স্মরণে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) বাদ যোহর নরসিংদীর চিনিশপুর জেলা খানা মোড় এলাকায় মরহুমের পৈতৃক বাড়ির সংলগ্ন স্থানে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধু ফোরামের উপদেষ্টা, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ হারুন, একেএম গোলাম কবির কামাল, ফারুখ উদ্দিন ভূঁইয়া, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মরহুমের ঘনিষ্ঠ বন্ধু মেহেদী হাসান তুহিন, জেলা যুবদলে সিনিয়র সহ ষবাপতি শাহেন শাহ সানুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বন্ধু ফোরামের সদস্যরা।
এসময় বক্তারা মরহুম মোকাররম ভূঁইয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাকে একজন সৎ, মানবিক ও সংগঠনপ্রেমী ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার আন্তরিকতা ও অবদান মানুষের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন স্মৃতিচারণ করে বলেন, “মোকাররম ভূঁইয়া ছিলেন অত্যন্ত পরোপকারী ও নিবেদিতপ্রাণ মানুষ। মানুষের বিপদে-আপদে তিনি সবসময় পাশে দাঁড়াতেন। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।