নরসিংদী প্রতিনিধি
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের অংশগ্রহণে ‘আনন্দ আল্পনা’ শিরোনামে ব্যতিক্রমী এক মিলনমেলার আয়োজন করেছে নরসিংদী রেসিডেন্সিয়াল হাই স্কুল অ্যান্ড হোমস।
শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্কে এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মিলনমেলা পরিণত হয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গুণীজনদের এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আরিফ পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ এবং নকশিসের সভাপতি, কবি ও গল্পকার ড. মশিউর রহমান মৃধা।
এ ছাড়া অনুষ্ঠানে জেলার সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গড়ে তোলা, সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে বিশ্বদরবারে নিজেদের অবস্থান সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে নরসিংদীতে মানসম্মত ও সুশিক্ষার প্রসারে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের গুণীজনদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে।