নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে একটি কারখানায় মাছের উচ্ছিষ্ট ও পচা-গলা প্রাণিজ বর্জ্য আগুনে পোড়ানোর ফলে ছড়িয়ে পড়ছে অসহনীয় দুর্গন্ধ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে আশপাশের জনজীবন। সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের কবিরাজপুর দাসপাড়া গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা এই কারখানার কারণে দুটি গ্রামের পাঁচ শতাধিক পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছে। দুর্গন্ধের তীব্রতায় এলাকায় আত্মীয়স্বজনের যাতায়াত বন্ধ হওয়ার পাশাপাশি ছেলে-মেয়েদের বিয়ে দেওয়া নিয়েও বিপাকে পড়েছেন অভিভাবকেরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করা মাছের উচ্ছিষ্ট ও পচা-গলা প্রাণিজ বর্জ্য এই কারখানায় এনে জমা করা হয়। দিনের বেলায় এসব বর্জ্য সংগ্রহ করা হলেও সন্ধ্যা নামার পর ৫ থেকে ৬ জন শ্রমিক বড় বড় কড়াইয়ে আগুন দিয়ে সেগুলো জ্বালাতে শুরু করেন। রাতভর এ প্রক্রিয়া চলতে থাকায় আশপাশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে অসহনীয় দুর্গন্ধ।
সরেজমিনে কারখানাটিতে গিয়ে সেটি তালাবদ্ধ অবস্থায় দেখা যায়। কারখানার বাইরে কোনো নামফলক বা সাইনবোর্ড নেই। তবে টিনের দরজার ফাঁক ও খোলা জানালা দিয়ে ভেতরে দেখা যায়, বড় বড় কড়াইয়ে মাছের উচ্ছিষ্ট ও পচা প্রাণিজ বর্জ্য আগুনে জ্বালানো হচ্ছে। ঘরের বিভিন্ন স্থানে রাখা রয়েছে বড় বড় ড্রাম। কারখানার ভেতরে ও বাইরে উড়তে দেখা যায় অসংখ্য মাছি। পাশের একটি খোলা জায়গায় রোদে শুকানোর জন্য ছড়িয়ে রাখা হয়েছে কিছু বর্জ্য। এসব বর্জ্য মাছের খাবার তৈরিতে ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কারখানাটির সামনে দিয়ে চলাচল করাও এখন দুর্বিষহ হয়ে উঠেছে। পথচারীদের নাক-মুখ চেপে দ্রুত রাস্তা পার হতে দেখা যায়। দুর্গন্ধের তীব্রতা এতটাই বেশি যে, সেখানে কয়েক মিনিট অবস্থান করাও কঠিন। আশপাশের বাড়িগুলোর দরজা-জানালা অধিকাংশ সময় বন্ধ রাখতে হয়। সরেজমিনে দেখা যায়, বাড়ির উঠানে কাজ করার সময় নারীরা শাড়ির আঁচল দিয়ে নাক ঢেকে রেখেছেন।
স্থানীয় বৃদ্ধা পবিত্র রাণী ধর বলেন, “বাজারের যত পচা জিনিস আছে, সবই এখানে নিয়ে আসে। দুর্গন্ধে আমরা বাড়িতে থাকতে পারি না। বাতাসের সঙ্গে সেই গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। এতে আমাদের পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়ছেন। বাড়িতে কোনো অনুষ্ঠান করতে পারি না, মেহমানও আসেন না। আমাদের স্বাভাবিক জীবনযাপন নষ্ট হয়ে গেছে। আমরা কারখানাটি বন্ধের দাবি জানাই।”
সুকমল দাস বলেন, “দুর্গন্ধের কারণে এখন আর কোনো আত্মীয়স্বজন এই গ্রামে বেড়াতে আসেন না। কেউ এলেও গন্ধ সহ্য করতে না পেরে খাবার না খেয়েই চলে যান। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ছেলে-মেয়েদের বিয়ে নিয়ে। দুর্গন্ধের কারণে কোনো পক্ষই এই গ্রামে বিয়ে দিতে বা বিয়ে করতে রাজি হয় না।”
তিনি আরও বলেন, কারখানায় পচা বর্জ্য দিয়ে কী তৈরি করা হয়, তা তাঁদের জানা নেই। তবে স্থানীয়ভাবে তাঁরা শুনেছেন, এসব বর্জ্য মাছের খাদ্য তৈরিতে ব্যবহার করা হয়।
অঞ্জনা রানী দাস বলেন, “দুর্গন্ধের কারণে দিন-রাত ঘরের দরজা-জানালা বন্ধ রেখেও স্বস্তি পাই না। বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়া এই গন্ধে শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষই শ্বাসকষ্ট, বমি ভাবসহ নানা সমস্যায় ভুগছেন। প্রায়ই পরিবারের কেউ না কেউ অসুস্থ হয়ে পড়েন। ঘরে বসে ঠিকমতো খাবারও খেতে পারি না। খাবার নিয়ে বসলে দুর্গন্ধে খাওয়ার রুচি চলে যায়।”
স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম মোল্লা বলেন, “দুর্গন্ধের কারণে এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না। ভুল করে এ পথে গেলেও বমি বমি লাগে। সারাদিন শরীরের মধ্যে যেন দুর্গন্ধ লেগে থাকে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি চাই।”
আরেক বাসিন্দা আবদুল মান্নান বলেন, “দুর্গন্ধ এতটাই তীব্র যে, কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় অনেকের বমি হয়ে যায়। এর প্রভাবে এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। এলাকাবাসী কয়েকবার কারখানাটিতে তালা লাগালেও সবুজ প্রভাবশালীদের ম্যানেজ করে আবারও কারখানা চালু করেন। আমরা প্রশাসনের কাছে কারখানাটি বন্ধ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, কারখানাটি পরিচালনাকারী মেহেরপাড়া গ্রামের সবুজ মিয়া প্রভাবশালী মহলের সহযোগিতায় বারবার কারখানাটি চালু করছেন। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. বদরুল হুদা বলেন, “আমি জানতে পেরেছি, মাছের উচ্ছিষ্ট ও নাড়িভুঁড়ি আগুনে জ্বাল দিয়ে সেগুলো গবাদিপশু, মাছ ও মুরগির খাবার তৈরির কাজে ব্যবহার করা হয়। আমার ধারণা, এভাবে খাবার তৈরি করা হলে তা ক্ষতিকর হতে পারে এবং মানবস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। প্রতিষ্ঠানটির পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। আমরা সেখানে অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”