• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৭টি সেতু নির্মাণের অনুমোদন, উচ্ছ্বাসে ভাসছে নরসিংদীবাসী জমি নিয়ে বিরোধে প্রতিবেশীদের হামলায় একই পরিবারের চারজন আহত কারখানার দুর্গন্ধে দুর্বিষহ জনজীবন, গ্রামে বিয়ে দিতেও নারাজ স্বজনেরা সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. ক. (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টস; নরসিংদী সদরে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপ্ত ডাঙ্গায় ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট  হয়েছে: খায়রুল কবির খোকন শিক্ষা, সৃজনশীলতা ও সম্প্রীতির বার্তা নিয়ে নরসিংদীতে ‘আনন্দ আল্পনা’ নরসিংদী মহিলা কলেজে নবনির্মিত ৬ তলা বিজ্ঞান ভবনের উদ্বোধন শিবপুরের আজকিতলা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি লোকমান হোসেন

একনেক সভায় ১৭টি সেতু নির্মাণের অনুমোদন, উচ্ছ্বাসে ভাসছে নরসিংদীবাসী

Reporter Name
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় ১৭টি সেতু নির্মাণের অনুমোদনের খবরে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছেন জেলাবাসী। এসব সেতু নির্মিত হলে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। এ খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজেনরা। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা জানাচ্ছেন অনেকে।

বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় মোট ১৭টি সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ খবর প্রকাশের পর থেকেই জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও আশাবাদের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, এসব সেতু নির্মিত হলে জেলার প্রত্যন্ত এলাকার সঙ্গে উপজেলা ও জেলা সদরের যোগাযোগব্যবস্থা আরও সহজ ও সুগম হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে খাল, নদী ও জলাশয়ের কারণে যেসব এলাকার মানুষকে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হয়, তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। পাশাপাশি শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষের দৈনন্দিন চলাচলও সহজ হবে।

আলোকবালী ইউনিয়ন সেতু আন্দোলন কমিটির সদস্যসচিব জাহিদুল ইসলাম বলেন, “সেতুগুলো নির্মিত হলে গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, জরুরি রোগীদের হাসপাতালে নেওয়া এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ বাড়বে। একই সঙ্গে প্রত্যন্ত এলাকার সঙ্গে শহরের যোগাযোগ আরও সুদৃঢ় হবে।”

তিনি আরও বলেন, “২০২৩ সাল থেকে আনুষ্ঠানিকভাবে কমিটি গঠনের মাধ্যমে আমরা সেতুর দাবিতে আন্দোলন করে আসছি। আলোকবালী থেকে করিমপুর পর্যন্ত ৩৭০ মিটার দীর্ঘ সেতুর অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

একই কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আহমেদ ইসলাম ও নরসিংদী সদর কৃষক দলের সদস্যসচিব রুবেল আহমেদ বলেন, “দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। এ উদ্যোগ নরসিংদীর যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি বয়ে আনবে। আমরা এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে স্বাগত জানাই।”

নেটিজেনদের বিভিন্ন পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের উদ্যোগ ও ভূমিকার কথাও উঠে এসেছে। তাদের মতে, এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার বিষয়টি গুরুত্ব পাওয়ায় উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

নরসিংদী জেলা বিএনপির সদস্য ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের ব্যক্তিগত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, “নরসিংদী একটি শিল্প ও কৃষিপ্রধান জেলা। এ জেলার বিভিন্ন এলাকায় শিল্পকারখানা, কৃষি উৎপাদন এবং ব্যবসা-বাণিজ্যের বিস্তৃতি রয়েছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে সড়ক যোগাযোগব্যবস্থা সরাসরি সম্পৃক্ত। ফলে নতুন এ সেতুগুলো বাস্তবায়িত হলে শুধু যাতায়াতের সুবিধাই বাড়বে না, অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।”

তিনি আরও বলেন, “আমাদের হাতে আরও কিছু উন্নয়ন প্রকল্প রয়েছে। অচিরেই বাজেট পাস হলে এলাকার অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হবে, যার সুফল ভোগ করবেন সাধারণ মানুষ।”

নরসিংদী জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী (এক্সেন) ফুলকাম বাদশা বলেন, “নরসিংদীর মানুষের কাছে ১৭টি সেতু নির্মাণের অনুমোদন কেবল অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নয়, বরং উন্নত যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন আশার বার্তা।”

তিনি আরও বলেন, “এসব সেতুর জন্য প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের পর প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া গেলে নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category