• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট  হয়েছে: খায়রুল কবির খোকন

Reporter Name
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের করিমপুর ইউনিয়নের বাউশিয়া-শ্রীনগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, বিগত ১৭ বছরে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। বিগত সরকারের আমলে দলীয় বিবেচনায় অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। আমরা কোনো দলীয়করণ বা রাজনীতিকরণ করব না। এখন থেকে শিক্ষক নিয়োগসহ সব ক্ষেত্রে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতাকে প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি সবার কাছে জবাবদিহি নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের কারণে আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন ও প্রত্যাখ্যাত হয়েছে। জনগণের মন থেকে তারা মুছে গেছে এবং তাদের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছেন বা আত্মগোপনে রয়েছেন।

বর্তমান সরকার ন্যায়নীতি ও সততার সঙ্গে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধার করে জনগণের কল্যাণে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নাশকতা প্রতিরোধে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান সংসদ সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি, জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি  গোলাম কবির কামাল, শহর বিএনপির সাধারণ সম্পাদক  ফারুক উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা আওলাদ হোসেন মোল্লা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজল, সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ মিয়াসহ জেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাউশিয়া সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নজরপুর ইউনিয়নের বালুয়া ঘাট সেতুরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খায়রুল কবির খোকন। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে চরাঞ্চলের গুরুত্বপূর্ণ এ দুটি সেতু নির্মাণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category