• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, মা ও ভাই আহত প্রশাসনের নির্দেশ অমান্য করে রাস্তার ওপর দেয়াল নির্মাণের অভিযোগ দুই বৃদ্ধের বয়স্ক ভাতার টাকা ইউপি সদস্যের স্ত্রী-ছেলের মোবাইলে বন্দিদের সংশোধন, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনে নরসিংদী কারাগারে উপকরণ বিতরণ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নরসিংদীর দলিল লেখক তোফাজ্জল হোসেনের  প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা মনোহরদীতে প্রশাসনের হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হল নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ নরসিংদীতে ২ শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রায়পুরার চরাঞ্চলে যৌথ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার; গ্রেফতার ৩

প্রশাসনের নির্দেশ অমান্য করে রাস্তার ওপর দেয়াল নির্মাণের অভিযোগ

Reporter Name
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলায় স্থানীয় প্রশাসনের নির্দেশ অমান্য করে প্রায় সত্তর বছরের পুরোনো একটি পারিবারিক চলাচলের রাস্তার ওপর ইটের দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, স্থানীয় মৃত আব্দুস সালাম মাস্টারের ছেলে মাহবুবুর রহমান, মৃত জামাল উদ্দীনের ছেলে মিজান ও আব্দুল হাই রাস্তার ওপর দেয়াল নির্মাণের কাজ শুরু করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদের হস্তক্ষেপে বেলাবো থানা পুলিশের সহযোগিতায় নির্মাণকাজ বন্ধ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিন্নাবাইদ পশ্চিমপাড়া গ্রামের মৃত একবর আলী প্রধান জীবিত অবস্থায় তার সাত সন্তানকে বসতভিটার অংশ বণ্টন করে দেন। পরিবারের সদস্যদের চলাচলের সুবিধার্থে বসতভিটার মাঝখান দিয়ে প্রায় ছয় ফুট প্রশস্ত একটি রাস্তা রাখা হয়। স্থানীয়দের দাবি, প্রায় সত্তর বছর ধরে ওই রাস্তা ব্যবহার করে আসছে পরিবারের বিভিন্ন সদস্য ও আশপাশের প্রায় ১৫টি পরিবার।

তবে সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাহবুবুর রহমান, তার চাচা মিজান ও আব্দুল হাই রাস্তার অর্ধেকের বেশি অংশ দখল করে বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড তৈরি করে চলাচল বন্ধ করে দেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি সমাধানের জন্য অপর পক্ষের আলাউদ্দিন, কামাল হোসেন, আকরাম, আইয়ূব আলী, আব্দুর রহমান, মুর্শিদ, সিদ্দিক, সাদেক মিয়া ও আতিকুর রহমান স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জহিরুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্নার শরণাপন্ন হন। তারা উভয় পক্ষকে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দিলেও অভিযোগ রয়েছে, প্রতিপক্ষ এতে রাজি হয়নি।

রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১৫টি পরিবারের সদস্যদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গত ২৯ আগস্ট রাস্তার ওপর স্থাপন করা বাঁশের খুঁটিগুলো অপসারণ করে দেন।

অভিযোগ রয়েছে, বাঁশের ব্যারিকেড অপসারণের পর প্রতিপক্ষ স্থায়ীভাবে ইটের দেয়াল নির্মাণ করে রাস্তা বন্ধের পরিকল্পনা করে। বিষয়টি জানতে পেরে বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেনকে অবহিত করা হয়।

পরে ইউএনও বিষয়টি সরেজমিন তদন্ত করে উভয় পক্ষের সঙ্গে কথা বলার জন্য সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদেকে নির্দেশ দেন।

ইউএনওর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উভয় পক্ষকে আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে জনসাধারণের চলাচলের রাস্তার ওপর কোনো স্থাপনা নির্মাণ বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য উভয় পক্ষকে নির্দেশনা দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের এ নির্দেশনার কিছুক্ষণ পরই মাহবুবুর রহমান ও তার পক্ষের লোকজন কয়েকজনকে সঙ্গে নিয়ে রাস্তার ওপর ইটের দেয়াল নির্মাণের কাজ শুরু করেন।

বিষয়টি পুনরায় উপজেলা প্রশাসনকে জানানো হলে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে বেলাবো থানা পুলিশের সহযোগিতায় নির্মাণকাজ বন্ধ করা হয়।

তবে বর্তমানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, বিরোধের দ্রুত ও স্থায়ী সমাধান না হলে যে কোনো সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।

এ ঘটনায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং দীর্ঘদিনের চলাচলের রাস্তা নিয়ে সৃষ্ট বিরোধের স্থায়ী সমাধান দাবি করেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা সাদেক মিয়া বলেন, “আমাদের পূর্বপুরুষদের সময় থেকে এই রাস্তা ব্যবহার করা হচ্ছে। প্রায় সত্তর বছরের পুরোনো এই রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। রাস্তাটি বন্ধ হয়ে গেলে প্রায় ১৫টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে। তাদের চলাচলের আর কোনো রাস্তা থাকবে না।”

তবে রাস্তার ওপর দেয়াল নির্মাণের অভিযোগের বিষয়ে মাহবুবুর রহমান বলেন, “বুধবার (৩ সেপ্টেম্বর) আদালতে মামলা করেছি। আমি সেই অনুযায়ী দেয়াল নির্মাণ করছি।”

বিন্নাবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্না বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। দুই পক্ষকেই বসে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করার কথা বলেছিলাম। কিন্তু একটি পক্ষ এতে রাজি হয়নি।”

বেলাবো উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদে বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে রবিবার অফিসে আসতে বলা হয়েছে। তবে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করার কোনো সুযোগ নেই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category