নরসিংদী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নরসিংদীর ও গাজীপুরের আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সেলিনা সুলতানা নিশিতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই সংরক্ষিত নারী আসনের জন্য তার নাম ঘোষণা করেছে। সোমবার (২০ এপ্রিল) এক প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, নারী আসনের জন্য বিএনপি থেকে মোট ৩৬ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং দলীয়ভাবে প্রণীত এই তালিকাই চূড়ান্ত। ইতোমধ্যে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত প্রার্থীদের তালিকা অনুমোদনও পেয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ১০, ১১ ও ১২ এপ্রিল মোট তিন দিন সংসদ সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে বিএনপি। তিন দিনে প্রায় ১ হাজার ৩শ’টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে প্রায় ৯শ’টি মনোনয়নপত্র জমা পড়ে।
ফরমের মূল্য ধরা হয় দুই হাজার টাকা। প্রত্যেক প্রার্থী ফরম জমার সময় আরও ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দেন।
পরে গত ১৭ ও ১৮ এপ্রিল মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হয়।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ হবে আগামী ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। এ ছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে, বিএনপি জোট ৩৬টি আসন পাচ্ছে।