নরসিংদী প্রতিনিধি
নরসিংদী একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি দেশীয় অস্ত্র, ৭৫ বোতল স্কাফ সিরাপ ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার ভূঁইয়া বাড়ীর শরিফ ভুঁইয়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে এ সকল মালামাল উদ্ধার করে এসআরবি-১১ এর নরসিংদী ক্যাম্পের সদস্যরা।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দীর্ঘ ১৩ ঘন্টার এই অভিযান
এসআরব এর ডগ স্কোয়ার্ডও অংশ নেয়।
বৃহস্পতিবার দুপুরে অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১১ এর নরসিংদীর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান।
অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল ১টি বিদেশী রিভলভার, ১টি দেশীয় তৈরি পাইপ গান, রিভলভারের গুলি ১২ রাউন্ড , পিস্তলের গুলি ২৭ রাউন্ড। থ্রি নট থ্রি রাইফেলের গুলি ২ রাউন্ড। ব্ল্যাংক কার্তুজ ৬ রাউন্ড, শর্টগানের কার্তুজ ৪১ রাউন্ড, ৯টি চাপাতি ও ছোরা ৯টি, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ১০ লক্ষ ৭১ হাজার টাকা।
এসময় বাড়ির মালিক শরিফ ভূঁইয়াকে পাওয়া যায়নি। অভিযুক্ত শরীফ ভুইয়া ঘোড়াদিয়া এলাকার সোবহান ভূঁইয়ার ছেলে। এর আগেও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। অভিযানে তাকে গ্রেফতার করতে না পারলেও তাকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে, দ্রুতই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান এই এসআরবি কর্মকর্তা।
আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ এর একটি দল নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। দীর্ঘ সময় ধরে পরিচালিত এই তল্লাশি অভিযানে ঘরটি থেকে জমিয়ে রাখা অস্ত্র, মাদক ও নগদ টাকাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যগুলো এলাকার কোনো চক্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য ওই পরিত্যক্ত ঘরে মজুত করেছিল বলে প্রাথমিকভাবে ধারনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলেও জানিয়েছে এসআরবি-১১।