নরসিংদী প্রতিনিধি
প্রতিবন্ধকতা পেরিয়ে নিজেদের মেধা, সৃজনশীলতা ও নৈপুণ্য প্রকাশের সুযোগ পেল নরসিংদীর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা। ছবি আঁকা, গান, হামদ-নাত, কেরাত, কবিতা আবৃত্তি ও নৃত্যের মতো নানা পরিবেশনায় তারা তুলে ধরে নিজেদের সুপ্ত প্রতিভা। শিশুদের প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ হন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অভিভাবকেরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর কবির ও মোহাম্মদ সোলায়মান হোসেন, নরসিংদী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম খান, নরসিংদী শহর সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম হিমেল এবং সুইড বাংলাদেশ নরসিংদী শাখার সভাপতি ডা. মো. আবু কাউছার সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বিভিন্ন পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরে। ছবি আঁকা, সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্যসহ বিভিন্ন বিষয়ে তাদের সাবলীল অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিশুদের পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে এবং তাদের প্রতিভা বিকাশের সম্ভাবনাকে নতুন করে সামনে নিয়ে আসে।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের দক্ষতা ও প্রতিভা প্রকাশের সুযোগ পায়, যা তাদের স্বাভাবিক বিকাশ ও সামাজিকভাবে এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করে।