আজ ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসপাতাল থেকে চুরি যাওয়া সেই নবজাতককর উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর ন্যাশনাল হাসপাতাল থেকে চুরি হওয়ার ১২ ঘণ্টা পর একদিন বয়সী নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।। রবিবার (১০ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে জেলার রায়পুরা উপজেলার রাজাবাড়ী এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ফাতেমা বেগম (৩৫) নামের এক নারীকে আটক করা হয়েছে।

আটক ফাতেমা বেগম রায়পুরার মরজাল ইউনিয়নের রাজাবাড়ী এলাকার মোখলেছুর রহমানের মেয়ে এবং শিবপুর উপজেলার কুমারটেক এলাকার মো. সিরাজুল ইসলামের স্ত্রী।

নরসিংদী সদর মডেল থানা সূত্রে জানা যায়, নবজাতক চুরির ঘটনার পরপরই হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন চোরের পরিচয় শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাতেই রাজাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে নবজাতকসহ ফাতেমা বেগমকে আটক করা হয়। পরে নবজাতককে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়।

এর আগে রবিবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে নরসিংদী শহরের বাসাইল এলাকার ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতকটি চুরি হয়। নবজাতকটি জেলার শিবপুর উপজেলার বাড়ৈ আলগী এলাকার সিএনজি চালক শরীফ মিয়া ও তার স্ত্রী মিথিলা বেগমের সন্তান।

স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণেই এমন চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৯ আগস্ট) বিকালে অস্ত্রোপচারের মাধ্যমে সিএনজি চালক শরীফ মিয়ার স্ত্রী মিথিলা
ছেলে সন্তানের জন্ম দেন। কিন্তু পরদিন রবিবার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নবজাতকটি চুরি যায়। এরপর হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে নবজাতক চুরির ঘটনায় ফাতেমা বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ