নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর পলাশে বহুল আলোচিত শেখ শরিফের আত্মহত্যার ঘটনায় অবশেষে আদালতে মামলা দায়ের করেছেন তাঁর বাবা সৌদি আরবপ্রবাসী বাসিরউদ্দিন শেখ। আত্মহত্যায় প্ররোচনা, নির্যাতন, অর্থ আদায়ের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে এ মামলা করা হয়েছে।

গত ১৭ মার্চ পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামে নিজ বসতঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন শেখ শরিফ। ঘটনার পর নানা আলোচনা ও জল্পনা-কল্পনার মধ্যে দীর্ঘদিন পর তাঁর বাবা নরসিংদী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাসিরউদ্দিন শেখ দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করে চাকরি ও ব্যবসার মাধ্যমে উপার্জিত অর্থ দেশে স্ত্রী ও একমাত্র ছেলে শেখ শরিফের কাছে পাঠাতেন। তাঁর আর্থিক লেনদেনের বিষয়ে অবগত ছিলেন ভায়রা ভাই পলাশের চরপাড়া এলাকার বাসিন্দা ও সৌদি প্রবাসী হাবিবুল্লাহ এবং তাঁর পরিবারের সদস্যরা।

অভিযোগ অনুযায়ী, হাবিবুল্লাহ প্রথমে বাসিরউদ্দিন শেখের কাছ থেকে কয়েক লাখ টাকা ধার নেন। পরে কিছু টাকা পরিশোধ করলেও তাঁদের মধ্যে ধার-দেনার সম্পর্ক চলতে থাকে।

একপর্যায়ে হাবিবুল্লাহর একমাত্র ছেলে সৌদি প্রবাসী মাসুম বিল্লাহর স্ত্রী সাবিহা আক্তার (লীরা) শেখ শরিফের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ওই সম্পর্কের সূত্র ধরে সাবিহা ও তাঁর শ্বশুর হাবিবুল্লাহ ফেরত দেওয়ার শর্তে শেখ শরিফের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা ধার নেন বলে অভিযোগ করেন বাদী।

মামলার অভিযোগে আরও বলা হয়, ধার নেওয়া ওই টাকা ফেরত না দিয়ে শেখ শরিফের কাছ থেকে আরও অর্থ আদায়ের চেষ্টা করা হয়। একপর্যায়ে শেখ শরিফ টাকা ফেরত চাইলে হাবিবুল্লাহ, তাঁর স্ত্রী রুনি বেগম, পুত্র মাসুম বিল্লাহ ও পুত্রবধূ সাবিহা আক্তার তাঁর ওপর ক্ষুব্ধ হন।

বাদীর অভিযোগ, এরপর ভাড়াটিয়া সন্ত্রাসীদের সহায়তায় শেখ শরিফকে বাড়ির পাশের পাকা রাস্তা থেকে তুলে হাবিবুল্লাহর চরপাড়ার দুই কক্ষবিশিষ্ট নতুন বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ সময় শেখ শরিফের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে আরও ২০ লাখ টাকা দাবি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁকে হুমকি দিয়ে বলা হয়, তাঁর বিয়ের জন্য সৌদি আরব থেকে কেনা ১৫ ভরি স্বর্ণ বিক্রি করে টাকা দিতে হবে, অথবা স্বর্ণগুলো এনে দিতে হবে। অন্যথায় তাঁকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন বাদী।

পরবর্তী সময়ে শেখ শরিফ অভিযুক্তদের কাছ থেকে মুক্ত হয়ে পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের কাছে নির্যাতন এবং অর্থ লেনদেনের বিষয়টি জানান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, বিষয়টি পরিবারের সদস্যদের জানানোয় অভিযুক্তরা আবারও শেখ শরিফের ওপর ক্ষুব্ধ হন। তাঁকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকেন এবং একপর্যায়ে ভাড়াটিয়া লোকজনের সহায়তায় বাড়ির কাছের পাকা রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে মারধর করেন।

এ সময় ২৪ ঘণ্টার মধ্যে দাবিকৃত ২০ লাখ টাকা পরিশোধের ultimatum দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। টাকা দিতে ব্যর্থ হলে শেখ শরিফ ও তাঁর বাবা-মাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, এ সময় হাবিবুল্লাহ দেশীয় অস্ত্রের পাশাপাশি একটি বিদেশি পিস্তলও দেখান। পরে শেখ শরিফ বাড়িতে ফিরে তাঁর মাকে ঘটনার বিস্তারিত জানান এবং কয়েকজন নিকটাত্মীয়কেও বিষয়টি অবহিত করেন। এরপর চরম হতাশা, আতঙ্ক ও মানসিক অস্থিরতার মধ্যে তিনি নিজ কক্ষে প্রবেশ করে দরজা-জানালা বন্ধ করে দেন।

দীর্ঘ সময় ধরে দরজা-জানালা বন্ধ থাকায় তাঁর মা ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে পরিবারের অন্য সদস্যদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাঁরা শেখ শরিফকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ দৃশ্য দেখে তাঁর মা চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেন।

ছেলের আত্মহত্যার খবর পেয়ে সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে দেশে ফিরে আসেন বাবা বাসিরউদ্দিন শেখ। এরই মধ্যে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শেখ শরিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠান। পরদিন ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে আনা হলে একমাত্র ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা।

পরে দেশে ফিরে ছেলের মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে নিকটাত্মীয়দের বিরুদ্ধে নানা অভিযোগ জানতে পারেন বাসিরউদ্দিন শেখ। এর পরিপ্রেক্ষিতে তিনি আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—হাবিবুল্লাহর পুত্র মাসুম বিল্লাহর স্ত্রী সাবিহা আক্তার (লীরা), বাসিরউদ্দিন শেখের ভায়রা ভাই হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর স্ত্রী রুনি বেগম এবং তাঁর প্রবাসী ছেলে মাসুম বিল্লাহ।

নরসিংদী আদালতে মামলাটির নম্বর ৫১৭/২০২৬। এতে দণ্ডবিধির ৩০৬, ৩৪ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৫৬০, তারিখ ১১ আগস্ট ২০২৬।
সংবাদটি লেখা পর্যন্ত মামলাটি নরসিংদী জেলা সিআইডি পুলিশের তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

এদিকে পলাশের চরপাড়া ও বাগপাড়া এলাকার সচেতন বাসিন্দারা শেখ শরিফের মৃত্যুর ঘটনায় অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তাঁদের মতে, অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন করে জড়িতদের বিচারের মুখোমুখি করা প্রয়োজন। স্থানীয়দের কেউ কেউ অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন।

একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের কাছে দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের প্রত্যাশা করেছেন।