৬৬ স্টলে দেশি-বিদেশি পণ্যের সমাহার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিবপুর পলিটেকনিক কলেজসংলগ্ন মাঠে জেলার সামাজিক সংগঠন ‘আমরা নরসিংদীবাসী’ আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী।

নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিনিয়র রাজনীতিবিদ ও জেলা পরিষদের প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার এবং শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়া।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আয়োজক সংগঠন ‘আমরা নরসিংদীবাসী’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মেলায় মোট ৬৬টি স্টল রয়েছে। এসব স্টলে কুকারিজ, ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য, জুয়েলারি, বিভিন্ন ধরনের বস্ত্রসামগ্রী, কসমেটিকস, শিশুদের খেলনাসহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। দেশের বিভিন্ন নামী-দামি কোম্পানিও মেলায় স্টল নিয়ে তাদের পণ্যের পসরা সাজিয়েছে।

মেলায় দর্শনার্থীদের বিনোদনের জন্য রাখা হয়েছে সাতটি রাইড। এর মধ্যে রয়েছে ড্রাগন ট্রেন, নাগরদোলা, ভূতের বাড়ি, হানি সিং, সুপার চেয়ার, ম্যাজিক বোট ও ওয়াটার বোট।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মঞ্জুর এলাহী বলেন, ‘শিক্ষা ও সংস্কৃতিতে শিবপুরবাসী অনেক আগে থেকেই সমৃদ্ধ। শিবপুরবাসী শিক্ষা ও সংস্কৃতিতে জেলার অন্যান্য উপজেলাবাসীর তুলনায় যে সমৃদ্ধ, আজকের এই শিল্প ও পণ্য মেলা তারই একটি প্রমাণ। আমরা চাই, জেলার প্রত্যেকটি উপজেলায় এ ধরনের শিল্প ও পণ্য মেলার আয়োজন করা হোক। আজ শিবপুরে আমরা সেই মেলার সূচনা করে দিলাম।’

তিনি বলেন, ‘এই শিল্প ও পণ্য মেলা শুধু বিনোদনের জন্য নয়; এখান থেকে আত্মকর্মসংস্থানের নতুন ধারণাও নেওয়া যেতে পারে। মেলায় অনেক কিছু শেখার ও জানার সুযোগ রয়েছে। একজন শিক্ষিত ও মেধাবী তরুণ চাইলে তার শিক্ষা ও মেধাকে কাজে লাগিয়ে এখান থেকে নতুন নতুন ব্যবসার ধারণা নিতে পারেন এবং নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারেন।’
শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমরা চাই শিক্ষিত বেকার যুবকদের কাজে লাগাতে। তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখতে পারে। সে লক্ষ্যেই শিবপুরে আজকের এই মেলার আয়োজন।’

মেলার স্থান পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘মেলার আয়োজন ও স্থান পরিদর্শন করতে এসে আমাকে অনেকটা ভাবিয়ে তুলেছিল—এত অল্প জায়গায় কীভাবে এত বড় মেলার আয়োজন সম্ভব হবে। কিন্তু আজ মেলায় এসে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখে বুঝতে পারছি, শিবপুরের মানুষ মেলাটিকে ভালোভাবে গ্রহণ করেছে।’

তিনি আরও বলেন, ‘এই আনন্দ ও উৎসবের পরিবেশ যেন আমরা নষ্ট না করি। শুধু পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করবে—এমনটি নয়; মেলায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সবার দায়িত্ব রয়েছে। মেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপরই ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা অনেকটা নির্ভর করবে।’

এদিকে মেলার উদ্বোধনী দিনেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিকেল থেকে নারী-পুরুষ, শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা দলে দলে মেলায় আসতে শুরু করেন। দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি পছন্দের পণ্য কেনাকাটা করেন।
শিশু-কিশোরদের মধ্যে রাইডগুলো নিয়ে ছিল ব্যাপক উৎসাহ। কেউ নাগরদোলায় চড়ে আনন্দে মেতে ওঠেন, কেউ ভূতের বাড়িতে ঢুকে ভয় ও রোমাঞ্চের অভিজ্ঞতা নেন। আবার কেউ ম্যাজিক বোটসহ বিভিন্ন রাইডে চড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সব মিলিয়ে উদ্বোধনের দিন থেকেই মেলাপ্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।