নরসিংদী প্রতিনিধি
দীর্ঘ ২২ বছর একই বিদ্যালয়ে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা শেষে ব্যতিক্রমী আয়োজনে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন মো. কবির উদ্দিন নরসিংদীর রায়পুরার এক স্কুল শিক্ষক। উপজেলার করিমগঞ্জ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তিনি দীর্ঘ ২২ বছর কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এই স্কুল শিক্ষকের ছিলো শেষ কর্মদিবস। অত্র বিদ্যালয়ে মো. কবির উদ্দিন ২২ বছর শিক্ষকতা করলেও বৃহস্পতিবার তার ইতি ঘটে ৩৬ বছরের শিক্ষকতা জীবনের। ৩৬ বছরে তার কর্মজীবনের শেষ দিনে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচারনা কমিটির সভাপতি এসএম শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহরাব হোসেন ভূঁইয়া, jসহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, করিমগঞ্জ দারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদ আলম, করিমগঞ্জ ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মমিন মিয়া, ইঞ্জিনিয়ার আবুল কালাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, সমাজ সেবক আবদুল বাছেদ মৃধা, আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম, সমাজসেবক জাকির হোসেন, আব্দুর রহমান ভূঁইয়া প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিদায়ী শিক্ষককে সংবর্ধনা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক মো. কবির উদ্দিনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেন শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয়রা হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। বিদায়ের ক্ষণে শিিক্ষক কবির উদ্দিন নিজে কাঁদলেন, কাদলেন তার দীর্ঘ শিক্ষকতা জীবনের সহকর্মীরা, স্কুলের ছাত্র-ছাত্রীরাসহ উপস্থিত অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মো কবির উদ্দিন শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষাগুরু। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন এবং সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।