নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানায় ব্যবহার অনুপযোগী লুব অয়েল বিক্রিকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। কারখানার বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান (মহাব্যবস্থাপক) আতিকুর রহমান খানের বিরুদ্ধে যথাযথ প্রতিযোগিতামূলক টেন্ডার প্রক্রিয়া অনুসরণ না করে কোটি টাকার লুব অয়েল বিক্রির উদ্যোগ নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদাররা। যদিও কারখানা কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, পুরো প্রক্রিয়া সরকারি বিধি অনুসারেই সম্পন্ন হয়েছে।

কারখানা সূত্র জানায়, রোববার কারখানার গুদামে সংরক্ষিত প্রায় ৩৭ হাজার ৮০০ লিটার ব্যবহার অনুপযোগী লুব অয়েল, যা ১৮৯টি ড্রামে রাখা ছিল, গেটপাসের মাধ্যমে তিনটি ট্রাকে করে কারখানার বাইরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ সময় স্থানীয় কয়েকজন ঠিকাদার আপত্তি জানিয়ে পরিবহনে বাধা দিলে মালামাল পুনরায় কারখানার অভ্যন্তরে নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়।

এ ঘটনায় স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, সরকারি ক্রয়বিধি অনুযায়ী উন্মুক্ত ও স্বচ্ছ টেন্ডার ছাড়াই লুব অয়েল বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে অনেক যোগ্য ঠিকাদার অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

তবে অভিযোগ প্রত্যাখ্যান করে কারখানার বাণিজ্য বিভাগের মহাব্যবস্থাপক আতিকুর রহমান খান বলেন, ব্যবহার অনুপযোগী লুব অয়েল বিক্রির জন্য গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে অনেক আগেই টেন্ডার সম্পন্ন হয়েছে। ওই প্রক্রিয়ায় ঢাকা মিন ওয়েলস লিমিটেড কার্যাদেশ পেয়েছে। তিনি দাবি করেন, এ ধরনের কাজ সরকারের অনুমোদিত নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমেই সম্পন্ন করা হয় এবং সব নিয়ম মেনেই বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে স্থানীয় ঠিকাদার মেসার্স বিজনেস ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী আমজাদ হোসেন শামীম, মেসার্স ওসমান অ্যান্ড ব্রাদার্স-এর স্বত্বাধিকারী আবু ছাইদ এবং ঠিকাদার হাসিবুর রহমান অভিযোগ করেন, টেন্ডার প্রক্রিয়ায় প্রয়োজনীয় স্বচ্ছতা ছিল না। তাদের দাবি, ই-জিপি অথবা জাতীয় দৈনিক পত্রিকায় পুনরায় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করে সব যোগ্য প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা হোক।

ঘোড়াশাল সারকারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) ফখরুল আলম বলেন, সরকারি বিধি-বিধান অনুসরণ করেই টেন্ডার সম্পন্ন হয়েছে এবং বিক্রয় কার্যক্রমও আইনসম্মতভাবে পরিচালিত হচ্ছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদারদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

শিপ্র/শাহোরা/