নরসিংদী প্রতিনিধি

জুলাই চেতনা বিক্রি করে কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাহলে তার পরিণতি ভালো হবে না এবং জনগণও তাদের পক্ষে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির আয়োজনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ১৯ জুলাই নরসিংদী কারা বিদ্রোহ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, “জুলাই চেতনা সবচেয়ে বেশি আমরা নিজেদের হৃদয়ে ধারণ করি। বর্তমান বিরোধী দল আবার নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বলছে, এই সরকার যদি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে, তাহলে বিগত সরকারের মতো পরিণতি হবে। আমি বলব, আপনারা অতীতের দিকে তাকিয়ে দেখুন, আপনারা কী করেছেন। আর বিএনপি ও আওয়ামী লীগকে যদি এক কাতারে মাপতে চান, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। কোথায় আছেন, সেটাই বুঝতে পারছেন না।”

তিনি আরও বলেন, “আমরা একসঙ্গে আন্দোলন করেছি। গত ১৭ বছরের আন্দোলনে কার কতটুকু ভূমিকা ছিল, তা জনগণও জানে, আমরাও জানি। তারপরও দেশকে এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করার শপথ নিয়েছি জাতীয় সংসদে। আমরা সেই পথেই এগোতে চাই।”

বিএনপির এই নেতা বলেন, “যদি বিএনপিকে প্রতিপক্ষ ভেবে ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে আপনারা জুলাই সনদকে ইস্যু করেন এবং বলেন, গণরায় বাস্তবায়ন না হলে আন্দোলনে নামবেন ও সরকারকে পদত্যাগে বাধ্য করবেন- তাহলে বিএনপি কি এরশাদের জাতীয় পার্টি, নাকি আওয়ামী লীগের গৃহপালিত দল? বিএনপি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত দল। তাই এই দলের বিরুদ্ধে কথা বলার আগে হিসাব করে বলবেন।”

জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি এম. এ. জলিল, অ্যাডভোকেট বাছেদ ভূঁইয়া, এ কে এম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, আবু সালেহ চৌধুরী, ফারুক উদ্দিন ভূঁইয়া, আকবর হোসেন, খবিরুল ইসলাম বাবুল, বিজি রশীদ নওশের, রবিউল ইসলাম রবি, আমিনুল হক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটুসহ জেলা বিএনপির অন্যান্য নেতারা।

শিপ্র/শাহোরা/