মো. ফরিদ উদ্দিন
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম (৭০) আর নেই। এই পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে তিনি মারা যান। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন )।
এর আগে গত শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে একদল দুর্বৃত্ত স্টেশনে তাঁর কক্ষে ঢুকে হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করে। তার দীর্ঘদিনের সঞ্চিত টাকা লুট করে নেয়। হামলার সময় তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে তাঁর মুখমণ্ডল, চোখের নিচে রক্তাক্ত জমাট ক্ষতসহ বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে দুর্বৃত্তরা। তার উপর হামলার ঘটনায় চিকিৎসার দায়িত্ব নেন উপজেলা প্রশাসন। পুলিশ ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন তাঁর পাশে দাঁড়ায়।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ।
মঙ্গলবার দিবারাত প্রায় ১টার দিকে তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ সময় রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা স্টেশন মাস্টারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন এবং উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেন। তবে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
একজন অসহায় বৃদ্ধা কর্মীর এমন মর্মান্তিক মৃত্যু গভীরভাবে শোকাহত করেছে এলাকাবাসীকে। এই নৃশংস হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি পুরো নরসিংদীবাসীর।
#