নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ালেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। তিনি এই সকল মানুষের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, অটোরিকশা এবং সেলাই মেশিন বিতরণ করেছেন।

শনিবার (২৭ জুন) উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, কর্মহীন ব্যক্তি এবং স্বাবলম্বী হতে আগ্রহী নারী-পুরুষের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এমপি মনজুর এলাহী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং তাদের স্বাবলম্বী করে তুলতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকার নানা ধরনের সামাজিক নিরাপত্তা ও পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করছে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং তাদের দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, বিএনপির সদস্য জাকির হোসেন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমূখ।

উপজেলা পরিষদ মাঠে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সহায়তা বিতরণের আয়োজন স্থানীয়দের নজর কাড়ে। প্রকাশ্যে ও আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। স্থানীয়দের মতে, এ ধরনের কার্যক্রম দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আস্থা ও স্বস্তি সৃষ্টি করবে এবং তাদের ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।