নিজস্ব প্রতিবেদক
হাতে রঙিন ফলের ঝুড়ি, মুখজুড়ে হাসি আর চোখেমুখে উচ্ছ্বাস। ফলের ঝুড়ি পেয়ে আনন্দে মেতে ওঠে নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সেই আনন্দঘন মুহূর্তে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় বিদ্যালয়টির আয়োজিত ফল উৎসব-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন মৌসুমি ফলের ঝুড়ি তুলে দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মু. রাশেদুজ্জামান, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের কার্যনির্বাহী সদস্য ডা. মো. আবু কাউছার সুমন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও মো. খালিদ হোসেন শিমুল, নরসিংদী শহর সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম হিমেল, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কামরুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ফল বিতরণের সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রিয় ফল হাতে পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কেউ ফলের ঝুড়ি বুকে জড়িয়ে ধরে, আবার কেউ বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়। শিক্ষার্থীদের প্রাণখোলা হাসি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ। তাদের শিক্ষা, দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির মাধ্যমে মূলধারায় সম্পৃক্ত করার দায়িত্ব আমাদের সবার। তাদের প্রতি সহমর্মিতা নয়, প্রয়োজন সমঅধিকার ও উপযুক্ত সুযোগ নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “শিশুদের মুখের হাসি আমাদের অনুপ্রাণিত করে। তাদের জন্য নিরাপদ, সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জেলা প্রশাসন সবসময় এসব শিশুর কল্যাণে পাশে থাকবে।”
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সামাজিক সম্পৃক্ততা এবং আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে জেলা প্রশাসক বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের স্বার্থে জমির চারপাশে দ্রুত বাউন্ডারি ওয়াল নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।