• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

নতুন কুঁড়ি স্পোর্টস; নরসিংদী সদরে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা সমাপ্ত

Reporter Name
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

তৃণমূল পর্যায় থেকে খুদে ক্রীড়াপ্রতিভা অন্বেষণ, বিকাশ ও উৎসাহিত করার লক্ষ্যে নরসিংদী সদরে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল (বালক ও বালিকা) বিভাগের ফাইনাল খেলা এবং ১০টি ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রাথমিক পর্যায়ে ১০টি ইভেন্টে মোট ২ হাজার ৮৯৭ জন খুদে ক্রীড়াবিদ অংশ নেয়। তাদের মধ্য থেকে বাছাই করে ৯২৫ জন প্রতিযোগী উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়।

প্রতিযোগিতায় ফুটবল (বালক) বিভাগে চিনিশপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং হাজীপুর ইউনিয়ন রানার্সআপ হয়। ফুটবল (বালিকা) বিভাগে করিমপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং মাধবদী পৌরসভা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

কাবাডি (বালক) বিভাগে নজরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং চিনিশপুর ইউনিয়ন রানার্সআপ হয়। একই প্রতিযোগিতার বালিকা বিভাগে করিমপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং মাধবদী পৌরসভা রানার্সআপ হয়। অন্যদিকে টি-টেন ক্রিকেট (বালক) বিভাগে হাজীপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং করিমপুর ইউনিয়ন রানার্সআপ হয়।

এ ছাড়া বাকি ইভেন্টগুলোতেও প্রতিযোগীরা নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজকরা জানান, ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের মূল উদ্দেশ্য। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে আসা খুদে ক্রীড়াবিদরা ভবিষ্যতে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নরসিংদী তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category