আজ ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

না ফেরার দেশে নরসিংদী জেলা বিএনপির নেতা সুলতান উদ্দিন মোল্লা

খাসখবর প্রতিবেদক

 

নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রবীণ রাজনীতিবিদ সুলতান উদ্দিন মোল্লা ইন্তেকাল করেছেন। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার জনিতসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে এই নেতার শারীরিক অবস্থার অবনতি হলে এর পক্ষ থেকে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার প্রবীণ এই নেতার পাড়ি জমান না ফেরার দেশে।

মৃত্যূকালে উনার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ পুত্রসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। এদিকে জেলার এই প্রবীণ নেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে। জেলার বিভিন্ন স্থান থেকে প্রিয় নেতাকে এক নজর দেখতে দলীয়  নেতাকর্মীসহ আত্মীয়-স্বজনরা নরসিংদী পৌর শহরের রাঙ্গামাটিয়াস্থ বাসায় এসে ভিড় জমায়।

বর্ণিল রাজনৈতিক জীবনে বিএনপির সাবেক সফর মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি। ছাত্র জীবনে  ছাত্র ইউনিয়নের রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন জেলার এই প্রবীণ রাজনীতিবিদ। পরে তিনি জাগো দলের রাজনীতিতে যুক্ত হন।  আব্দুল মান্নান ভূঁইয়া বাম দলের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিলে তার হাত ধরে সুলতান উদ্দিন মোল্লা বিএনপি রাজনীতিতে পা রাখেন।

বাংলাদেশী জাতীয়তাবাদের বিশ্বাসী নরসিংদী জেলার প্রবীণ রাজনীতিবিদ সুলতান উদ্দিন মোল্লা দীর্ঘ সময়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করেছেন। তিনি শিবপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক, তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, নরসিংদী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এবং বর্তমানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়কসহ আমৃত্যু তিনি বিএনপির বিভিন্ন পদে থেকে রাজপথে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে নেতাকর্মীদের রেখেছিলেন উজ্জীবিত। রাজনীতির পাশাপাশি  তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।

পরিবারের সদস্যদের মধ্যে বড় ছেলে ডা. আশরাফুল হাসান মানিক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাব নেতা। ছোট ছেলে আকরামুল হাসান মিন্টু জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য।

নরসিংদী জেলার বর্ষীয়ান এই বিএনপি নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

এছাড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সুলতান উদ্দিন মোল্লার মৃত্যুতে শোক প্রকাশ করেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, শহর বিএনপির সাবেক সভাপতি ও নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মনির হোসেন।

নরসিংদী জেলা যুবদলের পক্ষ থেকে এই প্রবীণ নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু। জেলা তাঁতী দলের পক্ষ থেকে শোক জানিয়েছেন সভাপতি হুমায়ূন কবির কামাল, প্রচার সম্পাদক বশির আহমেদ মোল্লা।

এছাড়াও আন্ত:জেলা পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে শোক জানিয়েছেন সারোয়ার হোসেন মৃধা।

রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টায়  শহরের রাঙ্গামাটিয়া ঈদগাহ মাঠে মরহুম সুলতান উদ্দিন মোল্লার ১ম জানাযা ও বাদ আছর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের সবুজ পাহাড় অনার্স কলেজ মাঠে ২য় জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ হতে জানানো হয়েছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ