কামরুজ্জামান কামরুল
নরসিংদীতে নদীতে ডুবে তাবাসসুম আক্তার (৭) ও শিউলি আক্তার (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুলাই) বিকাল ৪টার দিকে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের কাজিরকান্দি গ্রামে মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত তাবাসসুম আক্তার কাজিরকান্দি গ্রামের আলাল সিকদারের মেয়ে ও শিউলি আক্তার তোফাজ্জল শিকদারের মেয়ে। নিহতরা সম্পর্কে চাচাতো বোন।
আলোকবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানান, বিকালে দুই চাচাতো বোন শিশু বাড়ির অদূরে ঘাটে মেঘনার শাখা নদীতে গোসল করতে নামে। এসময় তাঁরা গোসল ও পানিতে খেলা করার সময় তলিয়ে যায়। টের পেয়ে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত স্পীডবোটযোগে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।